প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে আগামীকাল বুধবার (১৭ জুন) জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে এখন ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত তাঁর আনুষ্ঠানিক সফরসূচি প্রকাশ করা হয়েছে।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মৌলভীবাজার জেলা সফর করবেন। এই সফরে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরপর তিনি স্থানীয় দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সাজসজ্জার ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে জেলার সার্কিট হাউজ। এছাড়া জেলা শহর ও শ্রীমঙ্গল শহরের ফুটপাথগুলো দখলমুক্ত করে পুরো এলাকা সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী যে রুট দিয়ে যাতায়াত করবেন, সেই সড়কগুলো মেরামত ও পরিচ্ছন্ন করার কাজও শেষ পর্যায়ে।
প্রধানমন্ত্রীর জনসভাস্থল হিসেবে নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে দৃষ্টিনন্দন মঞ্চ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। সরকারি প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে জোরদার প্রস্তুতি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, "প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের দলীয় পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন।"
মন্তব্য করুন