প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলেছে রাম চরণ অভিনীত নতুন সিনেমা ‘পেড্ডি’। গত ৪ জুন মুক্তির পর মাত্র দুই সপ্তাহে বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটি। তবে সিনেমার লভ্যাংশ ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়েছে তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্স (টিএফসিসি) এবং প্রযোজক ভেঙ্কট সতীশ কিলারু।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া দুটি চিঠির মাধ্যমে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২৭ মে তেলেগু ফিল্ম চেম্বার (টিএফসিসি) থেকে ‘পেড্ডি’র প্রযোজনা প্রতিষ্ঠানকে পাঠানো একটি চিঠিতে দাবি করা হয়, গত ১৫ মে প্রযোজক, পরিবেশক ও প্রদর্শকদের একটি যৌথ সভায় লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রে শতকরা হারে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২৬ মে একটি ২১ সদস্যের উপ-কমিটি গঠন করে ‘পেড্ডি’ মুক্তি ও টিকিটের মূল্য নির্ধারণের বিষয়ে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। চিঠিতে ফিল্ম চেম্বারের পক্ষ থেকে বলা হয়, অন্ধ্রপ্রদেশে টিকিটের দাম বাড়ানো হলে সেখান থেকে ৭.৫ শতাংশ অর্থ দিতে হবে এবং প্রিমিয়ার শোগুলোর জন্য ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির সেন্টার অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের ফি দিতে হবে।
তবে ফিল্ম চেম্বারের সিদ্ধান্তকে একপেশে দাবি করে গত ১৩ জুন পাল্টা চিঠি পাঠিয়েছেন প্রযোজক ভেঙ্কট সতীশ কিলারু। চিঠিতে প্রযোজক স্পষ্ট জানান, গত ১৫ মে অনুষ্ঠিত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। ফিল্ম চেম্বার থেকে তাঁকে কোনো আমন্ত্রণও জানানো হয়নি। তাঁর অনুপস্থিতিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রযোজক ভেঙ্কট চিঠিতে আরও উল্লেখ করেন, এর আগের একটি বৈঠকে তিনি ফিল্ম চেম্বারকে জানিয়েছিলেন, ‘পেড্ডি’ ইতিমধ্যে পরিবেশকদের কাছে বিক্রি করা হয়ে গেছে। তাই নতুন করে লভ্যাংশ ভাগাভাগি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাম চরণের সাথে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
মন্তব্য করুন