প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রথম দিনেই পুঁজিবাজারে বড় ধাক্কা খেয়েছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ার। লেনদেন শুরুর পর থেকেই দুই কোম্পানির শেয়ারে ব্যাপক বিক্রির চাপ দেখা যায়, ফলে দরপতনের শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠান দুটি।
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পৃথক আদেশে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস তুলে নেয়। একই সঙ্গে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বাজারে দুই কোম্পানির শেয়ারের ক্রেতা সংকট দেখা দেয়। অধিকাংশ বিনিয়োগকারী বিক্রির দিকে ঝুঁকে পড়ায় শেয়ারের দাম দ্রুত কমতে থাকে।
লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ইসলামী ব্যাংকের শেয়ারের দর ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা কমে ২৯ টাকা ৪০ পয়সায় নেমে আসে। এতে কোম্পানিটির শেয়ারের মূল্য ৯ দশমিক ৮২ শতাংশ কমেছে। এ সময় ১৭৪টি লেনদেনে প্রায় ২৮ হাজার শেয়ার হাতবদল হয়।
অন্যদিকে বেক্সিমকোর শেয়ারের দাম ১১০ টাকা ১০ পয়সা থেকে ১১ টাকা কমে ৯৯ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। ফলে কোম্পানিটির শেয়ারের মূল্য ৯ দশমিক ৯৯ শতাংশ হ্রাস পায়। প্রথম দেড় ঘণ্টার লেনদেনে ৭ হাজার ৮৬৩টি শেয়ার কেনাবেচা হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন পর ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ফলে প্রকৃত বাজারমূল্যে সমন্বয়ের প্রভাবই শেয়ার দুটির দামে প্রতিফলিত হয়েছে।
মন্তব্য করুন