প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:২৮ এ এম
অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে উপস্থাপিকা হিসেবে পথচলা শুরু করলেও সময়ের পরিক্রমায় তিনি এখন দুই বাংলার পরিচিত মুখ। তবে সম্প্রতি ক্যারিয়ারের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন এবং আইনি জটিলতা নিয়েই বেশি আলোচনা-সমালোচনা হয়েছে। সব বিতর্ক ও তোপের মুখে পড়ার অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবারও চেনা ছন্দে, অর্থাৎ কাজে ফিরেছেন এই চিত্রনায়িকা। সদ্যসমাপ্ত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তাঁর ‘লোকে বলে’ শিরোনামের নতুন গানটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। গানটির সাফল্যের আলোতেই ফারিয়া অকপটে স্বীকার করলেন, তারকাদের নিয়ে সাধারণ মানুষের সমালোচনাটা একটু বেশিই হয়ে থাকে।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন নুসরাত ফারিয়া। মানুষের প্রাত্যাহিক জীবনে সোশ্যাল মিডিয়া ঝেঁকে বসেছে। এ মাধ্যমে শোবিজ অঙ্গনের তারকারা প্রায়ই তোপের মুখে পড়েন। অভিনেত্রীও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নুসরাত ফারিয়া বলেন, 'আগে তারকাদের অনেক সমাদর করা হতো। আজকাল মনে হয়, আমরা একটু তোপের মুখেই থাকি। ভালোবাসাও পাই। তবে ক্রিটিসিজমটা তুলনামূলক বেশি। আগে যেটা ছিল ৭০/৩০ শতাংশ; সেটা এখন ৫০/৫০। ভালোবাসার পাশাপাশি বিতর্ক-সমালোচনার সংখ্যাগরিষ্ঠতা।'
কিছুটা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'আমার মনে হয়, একজন তারকা হিসেবে এই বিষয়গুলোতে খুব সচেতন থাকা উচিত। আমি সেটা সবসময় ছিলাম। তারপরও অনেকবার ভুগতে হয়েছে। কোনো কথা বললে, সেটার আগের পরের অংশ কেটে প্রচার করা হয়েছে। এটা খুবই ব্যাড প্র্যাক্টিস।'
সংবাদকর্মীদের উদ্দেশ্যে নুসরাত ফারিয়া বলেন, 'সাংবাদিকদের অনুরোধ করব, দিন শেষে আমরা একে অন্যের পরিপূরক। বিনোদন বিভাগ চালাতে তাদের যেমন আমাদের প্রয়োজন, তেমনই আমাদেরও তাদের প্রয়োজন। এ কারণে ওরকম কিছু করা ঠিক না। কোথায় যাচ্ছি, কী করছি, কী বলছি— আমাদেরও সচেতন থাকা দরকার।'
মন্তব্য করুন